Skip to content

‘চাকরি চায় বাংলা’ দাবিতে চন্দ্রকোনা রোডে বিজেপির জোরদার প্রচার, মুখরিত হল ‘নিয়োগ চাই, বিজেপি চাই’ স্লোগানে

1 min read

অভিজিৎ সাহা, পশ্চিম মেদিনীপুর: বাংলায় ক্রমবর্ধমান বেকারত্ব ও নিয়োগে দুর্নীতির অভিযোগকে সামনে রেখে ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচির মাধ্যমে পথে নামল ভারতীয় জনতা পার্টি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকায় এদিন বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রচার কর্মসূচি ও মিছিল।


কর্মসূচিতে বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা রাজ্যের বর্তমান সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁদের অভিযোগ, যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন, নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং যুবসমাজ ক্রমশ হতাশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তনে রাজ্যে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থার দাবি তুলে ধরা হয়।
মিছিল চলাকালীন ‘চাকরি চায় বাংলা’, ‘নিয়োগ চাই, বিজেপি চাই’, ‘যুবকের অধিকার ফিরিয়ে দাও’—সহ একাধিক স্লোগানে মুখরিত হয়ে ওঠে চন্দ্রকোনা রোড সংলগ্ন এলাকা। সাধারণ মানুষের কাছেও কর্মসূচির মাধ্যমে বিজেপির বার্তা পৌঁছে দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।


বিজেপি নেতৃত্বের দাবি, বাংলার যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং মেধার সঠিক মূল্যায়নের জন্য রাজনৈতিক পরিবর্তন জরুরি। আগামী দিনেও এই দাবিতে ধারাবাহিক আন্দোলন চলবে বলে জানান তাঁরা। কর্মসূচিকে ঘিরে এলাকায় নজরকাড়া রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়।

Latest