Skip to content

পদ্মশ্রী ডা. রতন চন্দ্র করের উপস্থিতিতে চন্দ্রকোনা রোডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন!

1 min read

অভিজিৎ সাহা : চন্দ্রকোনা রোডে যথাযোগ্য মর্যাদা ও আবেগঘন পরিবেশে পালিত হল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। “আমরা যারা বাংলাভাষী”-র সৌজন্যে এবং গড়বেতা তিন নম্বর ব্লকের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন গড়বেতা ৩ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা কর মহাশয়া। অনুষ্ঠানের সূচনা হয় গড়বেতা তিন নম্বর ব্লক প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে। শহর পরিক্রমা করে একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক মাহাত্ম্য ও মাতৃভাষার গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। পদযাত্রায় অংশ নেন শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা। এরপর গড়বেতা তিন নম্বর ব্লকের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয় মূল আলোচনা সভা। শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং একুশের ইতিহাস, ভাষা আন্দোলনের তাৎপর্য ও বাংলা ভাষার সমৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যেখানে ছাত্র-ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক ও সাহিত্যিক ডক্টর রতন চন্দ্র কর মহাশয়।

তাঁকে বিশেষভাবে সম্মাননা জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে তিনি আন্দামান-নিকোবরে তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা এবং সেখানকার আদিবাসী মানুষের জীবনযাত্রা সম্পর্কে বিশদভাবে আলোকপাত করেন। তাঁর লেখা গ্রন্থে সেই অভিজ্ঞতার প্রতিফলন রয়েছে বলে উল্লেখ করেন উপস্থিত বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য মহাশয়সহ বহু বিশিষ্ট শিল্পী ও সাহিত্যিক ব্যক্তিত্ব। চন্দ্রকোনা রোড সারদাময়ী হাই স্কুল, নয়াবসত হাইস্কুল ও ডিগ্রি হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সার্বিকভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারে দিনটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে চন্দ্রকোনা রোডে।

Latest