Skip to content

যৌথ হামলায় আহত ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনেই? বেঁচে আছেন কি না ঘিরে জল্পনা তুঙ্গে!

নিজস্ব সংবাদদাতা: ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের নতুন শীর্ষ নেতা মোজতবা খামেনেই—এমনই দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলেই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর এখনও পর্যন্ত তাঁকে জনসমক্ষে দেখা যায়নি, যা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার প্রশ্ন তুলেছেন, মোজতবা খামেনেই আদৌ বেঁচে আছেন কি না। তাঁর বক্তব্য, “তিনি বেঁচে আছেন কিনা নিশ্চিত নই। তবে আমার মনে হয় তিনি জীবিত, কিন্তু গুরুতরভাবে আহত।” এর আগে ইরানের তরফে জানানো হয়েছিল যে হামলায় মোজতবা খামেনেই আহত হয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগছি জানিয়েছেন যে বর্তমানে মোজতবা খামেনেইর শারীরিক অবস্থায় কোনও বড় সমস্যা নেই। তিনি এক সংবাদমাধ্যমকে বলেন, “নয়া শীর্ষ নেতা সদ্য জাতির উদ্দেশে বক্তব্য রেখেছেন এবং তিনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিজের কর্তব্য পালন করবেন।” অন্যদিকে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্র দাবি করেছে, ওই হামলায় মোজতবা খামেনেই গুরুতরভাবে আহত হন। এমনকি তাঁর অন্তত একটি পা হারানোর পাশাপাশি পাকস্থলী বা যকৃতে গুরুতর আঘাত লেগেছে বলেও জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরানের ‘সিনা ইউনিভার্সিটি হাসপাতাল’-এ কড়া নিরাপত্তার মধ্যে তাঁর চিকিৎসা চলছে। ইরানের কয়েকজন সরকারি আধিকারিকও স্বীকার করেছেন যে ওই হামলায় মোজতবা খামেনেই আহত হয়েছিলেন। তবে তাঁদের দাবি, তিনি এখন নিরাপদে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তেহরানের সাইপ্রাসে নিযুক্ত রাষ্ট্রদূত ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-কে জানিয়েছেন, ভয়াবহ বোমাবর্ষণের মধ্যেও প্রাণে বেঁচে যাওয়ায় মোজতবা খামেনেই সত্যিই ভাগ্যবান। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে মোজতবা খামেনেইর প্রকৃত শারীরিক অবস্থা কী—তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

Latest