নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রামের বিনপুরে নির্বাচনী প্রচারে গিয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘিরে উত্তাপ বাড়তেই প্রচারের ময়দানে আক্রমণাত্মক সুরে শাসকদল।এদিন জনসভা থেকে কেন্দ্রের Bharatiya Janata Party সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন অভিষেক। তাঁর দাবি, রাজ্যে ভোটপর্ব শেষ হলেই রান্নার গ্যাস ও পেট্রল-ডিজেলের দাম একধাক্কায় বাড়িয়ে দেওয়া হবে। সাধারণ মানুষের উপর চাপ বাড়ানোর এই পরিকল্পনা নিয়েই কেন্দ্র এগোচ্ছে বলে অভিযোগ করেন তিনি।বিনপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী নির্বাচন নিয়েও তীব্র কটাক্ষ শোনা যায় তাঁর গলায়। অভিষেকের দাবি, যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁর সঙ্গে এলাকার মাটি বা মানুষের কোনও সংযোগ নেই। এমনকি স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশও তাঁকে মন থেকে মেনে নিতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতিতে বিনপুরে তৃণমূলের জয় প্রায় নিশ্চিত বলেই দাবি তাঁর।এছাড়াও বিজেপি নেতাদের ‘ডেলি প্যাসেঞ্জার’-এর সঙ্গে তুলনা করে কড়া ভাষায় আক্রমণ শানান অভিষেক। তাঁর অভিযোগ, ভোটের সময় নিয়মিত এলাকায় ঘোরাফেরা করলেও নির্বাচন শেষ হলেই গেরুয়া শিবিরের নেতাদের আর খোঁজ পাওয়া যায় না।