Skip to content

তালসারিতে রহস্যঘেরা মৃত্যু, ‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে পথে টলিউড!

অভিজিৎ সাহা : গত ২৯ মার্চ, রবিবার বিকেলে ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে বাংলা মেগা ধারাবাহিক ‘ভোলে বাবা পাড় করে গা’-র শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু হয় অভিনেতা Rahul Arunoday Banerjee-র। এই আকস্মিক মৃত্যুর পর থেকেই টলিউড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি ঘনীভূত হয়েছে একের পর এক রহস্য। শুটিং ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা, অনুমতি এবং ঘটনার প্রকৃত কারণ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।বিজয়গড় কলোনির ‘বাবিন’-এর অকাল প্রয়াণে ক্ষোভে ফুঁসছে শিল্পীমহল। প্রযোজনা সংস্থার ভূমিকা নিয়ে সরব হয়েছে আর্টিস্ট ফোরামের সদস্যরা। শনিবার দুপুরে স্ত্রী Priyanka Sarkar-কে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্ক থানায় যান সংগঠনের প্রতিনিধিরা। সেখানে উপস্থিত ছিলেন Chiranjeet Chakraborty, Prosenjit Chatterjee,Shantilal Mukherjee, Rituparna Sengupta, Ritwick Chakraborty,June Malia, Jisshu Sengupta-সহ টলিউডের বহু পরিচিত মুখ।থানা থেকে বেরিয়ে ‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে মিছিলে শামিল হন শিল্পীরা। পরে টেকনিশিয়ান স্টুডিওতে জড়ো হয়ে প্রতিবাদ আরও তীব্র হয়। অভিনেতা Shantilal Mukherjee জানান, আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপের রূপরেখা তৈরি করা হবে।

পরিচালক Srijit Mukherjee বলেন, “রাহুলের মৃত্যু নিয়ে একাধিক ভার্সন সামনে আসছে। আসল সত্যিটা প্রকাশ্যে আসা জরুরি, তারপরই বিচার হওয়া উচিত।” এই মন্তব্যেই স্পষ্ট, শিল্পীমহল এখন কোনও জল্পনা নয়, চাইছে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত।অন্যদিকে অভিনেত্রী Piya Sengupta ক্ষোভ উগরে দিয়ে বলেন, “যে ইউনিটে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তাদের কাছ থেকে কোনও স্পষ্ট জবাব মেলেনি। আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু কিছু জানানো হয়নি। তাই বাধ্য হয়েই পথে নামতে হয়েছে। এটা কোনও রাজনৈতিক মিছিল নয়, আমরা শুধু চাই রাহুলের পরিবার সঠিক বিচার পাক।”ঘটনাকে ঘিরে এখনও ধোঁয়াশা কাটেনি। যদিও প্রযোজনা সংস্থা দাবি করেছে, শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি ও নিরাপত্তা প্রোটোকল মানা হয়েছিল, তবু তাদের নীরবতা ও পরস্পরবিরোধী তথ্য আরও প্রশ্ন উসকে দিচ্ছে। তদন্তে শেষ পর্যন্ত কী উঠে আসে, এখন সেদিকেই তাকিয়ে গোটা টলিউড।

Latest