নিজস্ব সংবাদদাতা: দাবদাহ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। তবে রবিবার থেকেই সেই অস্বস্তির মাঝেই মিলতে চলেছে বড় স্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার থেকে ফের সক্রিয় হচ্ছে কালবৈশাখী। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও সোমবার থেকে দুর্যোগের প্রভাব পড়তে পারে।শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। শহরে গরমের অস্বস্তি চরমে পৌঁছেছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২৭.৬ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ইতিমধ্যেই পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে।হাওয়া অফিস জানিয়েছে, রবিবার প্রথম দফায় সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এই সতর্কতা কার্যকর হবে। দুর্যোগের এই পরিস্থিতি বুধবার পর্যন্ত চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।বিশেষ করে মঙ্গলবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে ঝড়ের দাপট আরও বাড়তে পারে। ওই দিন কিছু এলাকায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার ছুঁতে পারে। ফলে গাছ পড়া, বিদ্যুৎ বিভ্রাট এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।উত্তরবঙ্গেও রবিবার থেকে আবহাওয়ার বড় বদল। দার্জিলিং, কালিম্পং-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বঙ্গোপসাগর থেকে নতুন করে জলীয় বাষ্প প্রবেশ শুরু হওয়াতেই এই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।সব মিলিয়ে, চৈত্রের শেষ লগ্নে দাবদাহের পর রবিবার থেকে কালবৈশাখীর এই প্রত্যাবর্তন স্বস্তি আনলেও ঝড়ের তীব্রতা নিয়ে সতর্ক থাকতে বলছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে সন্ধ্যার পর খোলা জায়গা, গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির কাছে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির জেরে আগামী তিন দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে, ফলে গরম থেকে কিছুটা মুক্তি মিলবে কলকাতা ও দক্ষিণবঙ্গবাসীর।
রবিবার থেকেই কালবৈশাখীর প্রত্যাবর্তন, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, স্বস্তি পাবে কলকাতাও