Skip to content

খড়গপুরে অভিষেকের রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠক, ভোটের আগে তৃণমূল শিবিরে ‘অক্সিজেন’

অরিন্দম চক্রবর্তী : ভোটের আবহে সংগঠনকে আরও মজবুত করতে খড়গপুর শহরে বড় সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ Abhishek Banerjee। বৃহস্পতিবার, ৯ এপ্রিল রূপনারায়ণপুরের গ্রীনল্যান্ড হোটেল চত্বরে কয়েক হাজার দলীয় পদাধিকারীকে নিয়ে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর, খড়গপুর ১ ও ২, দাঁতন, কেশিয়াড়ি, ডেবরা, সবং, নারায়ণগড় এবং পিংলা বিধানসভা এলাকার বিধায়ক, সভাপতি ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ সাংগঠনিক উন্নয়ন এবং ভোটমুখী কৌশল নিয়ে আলোচনা করেন তিনি। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে হেলিকপ্টারে পৌঁছে দুপুর একটা নাগাদ বৈঠক শুরু করেন অভিষেক।

প্রথম পর্বে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলির নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠকে নির্বাচনী পরিস্থিতিতে কীভাবে সংগঠনকে আরও সক্রিয় করতে হবে, কোথায় কোথায় ভুল হয়েছে এবং সেগুলি শুধরে কীভাবে এগোতে হবে— তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্বিতীয় পর্বে একইভাবে ঘাটাল লোকসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠকে বুথভিত্তিক সংগঠন, জনসংযোগ এবং ভোটের প্রস্তুতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তিনি।এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ June Malia এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ Dev। তাঁদের উপস্থিতি কর্মী-সমর্থকদের মধ্যে আলাদা উৎসাহ তৈরি করে। দলীয় সূত্রে খবর, এই বৈঠক ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এবং ভোটের আগে তা সংগঠনে যথেষ্ট ‘অক্সিজেন’ জুগিয়েছে। উল্লেখযোগ্যভাবে, গোটা বৈঠক ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কড়া ও আঁটোসাঁটো।

Latest