Skip to content

আইনশৃঙ্খলা থেকে দুর্নীতি, তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক দিলীপ ঘোষ!

নিজস্ব সংবাদদাতা : সোমবার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, দুর্নীতি এবং তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট বার্তা, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের আদলে ‘বুলডোজার নীতি’ কার্যকর করা হবে, যাতে রাজ্যে শৃঙ্খলা ফেরানো যায় এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম-এর একটি পুরনো মন্তব্য টেনে কটাক্ষও করেন দিলীপ। তাঁর বক্তব্য, “উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, গুজরাট—সব জায়গাতেই রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে কি কোনও মুসলমানকে কেটে ফেলা হয়েছে?” একই সঙ্গে তাঁর দাবি, পশ্চিমবঙ্গের তুলনায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক বেশি নিরাপদে রয়েছেন। কাজ ও জীবিকার সন্ধানে এ রাজ্যের বহু মুসলিমও সেই সব রাজ্যে পাড়ি দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।এখানেই থেমে না থেকে তৃণমূলের বিরুদ্ধে ‘বিভাজনের রাজনীতি’-র অভিযোগও তোলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “তৃণমূলের আমলে রাজ্যে মুসলিমরাও সুরক্ষিত নন। এখানে শুধু মানুষকে ভাগ করে রাজনীতি করার চেষ্টা চলছে।”ভোটের আবহে দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের পারদ চড়তে শুরু করেছে। বিরোধী শিবিরের এই আক্রমণের জবাবে শাসকদল কী প্রতিক্রিয়া দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Latest