Skip to content

খড়গপুরে দিলীপের শক্তিপ্রদর্শন, মনোনয়ন মিছিলে শুভেন্দু-রেখা গুপ্তা; গেরুয়া রঙে মোড়া গোলবাজার!

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনের মনোনয়ন পর্বের শুরুতেই রাজনৈতিক উত্তাপ আরও বাড়াল বিজেপি। নন্দীগ্রামে প্রথম দিনেই নিজের মনোনয়ন জমা দিয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর পাশে ছিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির অন্যতম সফল সংগঠক দিলীপ ঘোষ। আর শনিবার সেই ছবিরই পাল্টা প্রতিফলন দেখা গেল খড়গপুরে— খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়ন জমা দেওয়ার বর্ণাঢ্য মিছিলে তাঁর সঙ্গী হলেন শুভেন্দু অধিকারী। ৪ঠা এপ্রিল শনিবার সকাল থেকেই খড়গপুরের গোলবাজার ও সংলগ্ন এলাকা কার্যত গেরুয়া আবহে ঢেকে যায়। হাতে বিজেপির পতাকা, মুখে স্লোগান— অসংখ্য কর্মী-সমর্থকের উপস্থিতিতে এলাকা হয়ে ওঠে জনসমুদ্রে পরিণত। সুসজ্জিত হুডখোলা ট্যাবলো, গেরুয়া ফুলের পাপড়িতে সাজানো র‍্যালি এবং রাস্তার দু’ধারে মানুষের ভিড় পুরো মিছিলকে উৎসবের আবহ এনে দেয়। খোলা গাড়ি থেকে হাত নেড়ে খড়গপুরবাসীকে অভিবাদন জানান দিলীপ ঘোষ।

গত লোকসভা নির্বাচনে দুর্গাপুর-আসানসোল কেন্দ্র থেকে জয় না পেলেও খড়গপুরের সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সেই পুরনো জমিতেই আত্মবিশ্বাসী ভঙ্গিতে এদিন এগিয়ে যান তিনি। পাশে ছিলেন বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দু’জনকে বেশ হাসিমুখে কথাবার্তা বলতে বলতেই মনোনয়ন জমা দিতে যেতে দেখা যায়, যা কর্মী-সমর্থকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি করে। সকাল থেকেই মিছিলকে ঘিরে প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। রাম মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করেন দিলীপ ঘোষ। সেখান থেকে বিশাল রোড শো খড়গপুরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে দুপুর নাগাদ পৌঁছয় মহকুমা শাসকের দফতরে।

কর্মী-সমর্থকদের ভিড় ঠেলে যখন তিনি এসডিও অফিসে পৌঁছন, তখন কার্যত দ্বিপ্রহর।সেখানেই আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী Rekha Gupta-ও। শুভেন্দু অধিকারীর উপস্থিতি এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিত্বে এই মিছিল যে বিজেপির শক্তিপ্রদর্শনের বড় বার্তা দিল, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।আসন্ন নির্বাচনের আগে খড়গপুরে এই জনসমাবেশ বিজেপির সংগঠনিক শক্তির এক বড় ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Latest