নিজস্ব সংবাদদাতা : খড়্গপুর সদরে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। তারই মধ্যে জোরকদমে প্রচারে নেমে পড়লেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন সস্ত্রীক খড়্গপুরের মাছ মার্কেট-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে জনসংযোগ কর্মসূচি চালান তিনি।বাজারে উপস্থিত সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমর্থন প্রার্থনা করেন দিলীপ ঘোষ।

পাশাপাশি এলাকার দৈনন্দিন সমস্যা, বাজার সংক্রান্ত অসুবিধা এবং নাগরিক পরিষেবা নিয়ে মানুষের মতামতও শোনেন তিনি। তাঁর এই প্রচার ঘিরে বাজার চত্বরে কৌতূহলী মানুষের ভিড়ও চোখে পড়ে।আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খড়্গপুরে রাজনৈতিক দলগুলির তৎপরতা দিন দিন বাড়ছে। দিলীপ ঘোষের এই জনসংযোগ কর্মসূচি সেই প্রচারপর্বে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।