অভিজিৎ সাহা : সিভিক ভলান্টিয়ার তুলসী রাও ওরফে উদয় খুনে সর্বশেষ অভিযুক্তকেও গ্রেপ্তার করল খড়্গপুর টাউন থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের থানে থেকে অভিযুক্ত মহম্মদ জাভেদ (২৬)-কে পাকড়াও করে টাউন থানার টিম। ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে তাকে ৪ দিনের ট্রানজিট রিমান্ডে খড়্গপুর নিয়ে আসা হয়।এর আগেই এই খুনের মমলায় বাকি পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল খড়্গপুর টাউন থানার পুলিশ। তারা জেল হেফাজতে আছে বলে জানিয়েছেন খড়্গপুরের এসডিপিও ধীরজ ঠাকুর। সেইসঙ্গে জাভেদকে শুক্রবার খড়্গপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।এই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছে শেখ শোরফু, রাহুল শ্রীবাস্তব, সোনু শঙ্কর, রোশন সাহু, রোহন শঙ্কর। শেখ শোরফু ও রাহুলকে ঘটনার দিনই গ্রেফতার করে পুলিশ।উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর ভোরে খড়্গপুর স্টেশন সংলগ্ন একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে চা খেতে গিয়ে একদল যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে মারধরের শিকার হন সিভিক ভলান্টিয়ার তুলসী রাও। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে ২৭ ডিসেম্বর ওড়িশার কটকের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনায় খড়্গপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং টাউন থানার সামনে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকেরা। এই ঘটনায় মোট ছয় জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।