Skip to content

খড়গপুর গ্রামীণে প্রচারে ঝাঁপ বিজেপির, কালী মন্দিরে পুজো দিয়ে শুরু তপন ভূঁইয়ার প্রচার!

সেখ ওয়ারেশ আলী : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণার পর থেকেই খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচারে নেমে পড়লেন ভারতীয় জনতা পার্টি প্রার্থী তপন ভূঁইয়া। ২৫শে মার্চ , বুধবার কুইকোটা কালী মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।পুজোর পরই সুকান্তপল্লী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে অংশ নেন তপন ভূঁইয়া এবং দলীয় কর্মীরা। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং বিজেপির পক্ষে সমর্থন চেয়ে প্রচার চালান।প্রচারের মাঝেই একাধিক প্রতিশ্রুতিও তুলে ধরেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে প্রতিটি মহিলাকে মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

পাশাপাশি তিনি বলেন, “এই রাজ্যে প্রকৃত পরিবর্তন আনতে হলে এবার বিজেপিকে সুযোগ দিতেই হবে।”অন্যদিকে, খড়গপুর গ্রামীণ কেন্দ্র দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই কেন্দ্র থেকে একাধিকবার জয়ী হয়েছেন তৃণমূল বিধায়ক দীনেন রায়। তবে এবারের নির্বাচনে লড়াই নিয়ে আত্মবিশ্বাসী তপন ভূঁইয়া। তাঁর দাবি, তিনি দীনেন রায়কে পরাজিত করে এই কেন্দ্র দখল করতে সক্ষম হবেন।প্রচারের সময় তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ধরছেন বিজেপি প্রার্থী। সেইসঙ্গে সাধারণ মানুষের কাছে পরিবর্তনের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন তিনি। ভোটের আগে এই কেন্দ্রের রাজনৈতিক লড়াই যে ক্রমেই জমে উঠছে, তা স্পষ্ট।

Latest