Skip to content

খড়্গপুর ডিভিশনে বিদায়ের ক্ষণ, সম্মানে ভরিয়ে দেওয়া হল ৬২ রেলকর্মীকে!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  ২৮ ফেব্রুয়ারি অবসর নিতে চলেছেন খড়্গপুর ডিভিশনের ৬২ জন রেলকর্মী। তাঁদের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি জানাতে খড়্গপুরের সাউথ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত হয় এক মর্যাদাপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুর ডিভিশনের অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (অপারেশন) মণীষা গোয়েল। তাঁর হাত দিয়েই প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) এবং অন্যান্য অবসরকালীন নিষ্পত্তির প্রয়োজনীয় নথিপত্র।নিজের বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় বলেন, রেল পরিবারের সাফল্য ও অগ্রগতির পেছনে এই কর্মীদের আত্মনিবেদন, দায়িত্ববোধ ও দীর্ঘদিনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাঁদের কর্মনিষ্ঠা খড়্গপুর ডিভিশনকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে এবং প্রশাসনিক কাঠামোকে আরও সুসংহত করেছে।তিনি আরও জানান, চাকরির আনুষ্ঠানিক পরিসমাপ্তি হলেও রেল পরিবারের সঙ্গে তাঁদের আত্মিক সম্পর্ক কখনও ছিন্ন হবে না। অবসর জীবনে যেন তাঁরা সুস্থ ও সুখী থাকেন এবং জীবনের নতুন অধ্যায় উপভোগ করতে পারেন—সেই শুভেচ্ছাই জানান তিনি।অনুষ্ঠানে সহকর্মী ও আধিকারিকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের সহযোদ্ধাদের বিদায় জানাতে গিয়ে অনেকেই স্মৃতিচারণায় আবেগাপ্লুত হয়ে পড়েন। সম্মান, কৃতজ্ঞতা ও শুভকামনার মধ্য দিয়েই শেষ হয় এই বিশেষ দিনটি।

Latest