Skip to content

রেল হাসপাতালের বেহাল দশা, চিকিৎসা সঙ্কটে কর্মচারী-অবসরপ্রাপ্তরা — খড়্গপুরে বিক্ষোভ ও ডিআরএমকে দাবি পত্র জমা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : রেল হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসা পরিষেবা কার্যত ভেঙে পড়েছে—এমনই অভিযোগ উঠছে রেল কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মহল থেকে। খড়্গপুর-এ ইতিমধ্যেই তিনটি হেল্থ ইউনিট একতরফাভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে সাধারণ চিকিৎসা পরিষেবা পাওয়াই কঠিন হয়ে পড়েছে। স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ কমতে থাকায় পরিস্থিতি দিন দিন আরও সংকটজনক হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।অভিযোগ, রেল হাসপাতালগুলিতে নিয়মিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ না করে চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ানো হয়েছে। এর জেরে রেল কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা পরিষেবা ক্রমশ দুর্লভ হয়ে উঠছে। এমনকি অনেক সময় জীবনদায়ী ওষুধও মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন উপভোক্তারা। চিকিৎসা পরিষেবা ভেঙে পড়লেও অবসরকালীন RELHS বাধ্যতামূলক করা হয়েছে। আপৎকালীন ক্যাশলেস চিকিৎসার জন্য কিছু বেসরকারি হাসপাতালকে তালিকাভুক্ত করা হলেও বাস্তবে তার সুফল মিলছে না। রেলওয়ে বোর্ড একাধিক নির্দেশ জারি করলেও সেগুলির কার্যকর প্রয়োগ হচ্ছে না বলে অভিযোগ। এদিকে ভারতীয় রেল প্রশাসন রেল হাসপাতালগুলিকে ‘আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা’র আওতায় রাজ্যের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু রাজ্যে এখনও এই প্রকল্প চালু না হওয়ায় রেলের উপভোক্তারা ভবিষ্যতে চরম সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে রেল কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বিভিন্ন সংগঠন যৌথভাবে বুধবার, ১৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় খড়্গপুর মেন রেল হাসপাতাল-এর সামনে ব্যাপক জমায়েত করেন। সেখান থেকে মিছিল করে ডিআরএম অফিসে পৌঁছে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ ডিআরএম-এর হাতে একটি দাবি সনদ তুলে দেন আন্দোলনকারীরা।

Latest