যক্ষ্মা রোগীদের পাশে রশ্মি গ্রুপ, ২০০ রোগীর পুষ্টির জন্য ৬ লক্ষ টাকার সহায়তা!

যক্ষ্মা রোগীদের পাশে রশ্মি গ্রুপ, ২০০ রোগীর পুষ্টির জন্য ৬ লক্ষ টাকার সহায়তা!

নিজস্ব সংবাদদাতা : যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশে দাঁড়িয়ে মানবিক নজির গড়ল পূর্ব ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী রশ্মি গ্রুপ। ‘নি-ক্ষয় মিত্র’ হিসেবে সংস্থার পক্ষ থেকে ২০০ জন যক্ষ্মা রোগীর পুষ্টি সহায়তার জন্য ছয় মাসের জন্য মোট ৬ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। রবিবার ১৬ আগস্ট বিকেল ৩টায় মেদিনীপুর জেলা পরিষদের শহিদ প্রদ্যুৎ স্মৃতি সভাগৃহে আয়ুষ্মান ভারত PM-JAY এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার জেলা-স্তরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলার বিধায়করা, চিকিৎসক, নার্স, যক্ষ্মা রোগী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরীর অনুপস্থিতিতে সংস্থার প্রতিনিধিত্ব করেন DGM CSR নটবর বিশ্বাল। জনস্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে রশ্মি গ্রুপের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁর হাতে সম্মাননা তুলে দেন জেলাশাসক।‘নি-ক্ষয় মিত্র’ উদ্যোগের মাধ্যমে যক্ষ্মা আক্রান্তদের জন্য এনার্জি-ডেন্স নিউট্রিশন ডায়েট সরবরাহে এই আর্থিক সহায়তা ব্যবহার করা হচ্ছে।

চিকিৎসার পাশাপাশি রোগীদের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে এই উদ্যোগ বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।‘প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান’-এর আওতায় যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে সরকারি কর্মসূচিকে আরও শক্তিশালী করতে শিল্প সংস্থার এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ বৃহত্তর সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত বলেই মনে করা হচ্ছে।