Skip to content

বিদ্যুৎ দপ্তরের ‘পেনাল্টি সন্ত্রাসে’ উত্তাল খড়গপুর,যুব কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন!

1 min read

অরিন্দম চক্রবর্তী : খড়গপুর জুড়ে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দানা বাঁধছে। অভিযোগ, মিটার টেম্পারিং, বিদ্যুৎ চুরি কিংবা বিকল মিটারের অজুহাতে সাধারণ গ্রাহকদের উপর অস্বাভাবিক অঙ্কের জরিমানা চাপানো হচ্ছে—যা বহু পরিবারের পক্ষে কার্যত অসম্ভব বোঝা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতিকে কেন্দ্র করে বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি খড়গপুরের ইন্দা এলাকার শক্তিভবনে বিদ্যুৎ দপ্তরের দফতরের সামনে বিক্ষোভে সামিল হয় যুব কংগ্রেস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাঁদের মাসিক বিদ্যুৎ বিল সাধারণত ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে থাকে এবং যারা নিয়মিত বিল পরিশোধ করে আসছেন, তাঁদের অনেকের কাছেই ৫ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত পেনাল্টি সম্বলিত বিল পাঠানো হচ্ছে।

অভিযোগ উঠেছে, এই বিপুল অঙ্কের জরিমানার পক্ষে কোনও প্রামাণ্য নথি বা যুক্তিগ্রাহ্য প্রমাণ গ্রাহকদের হাতে তুলে দেওয়া হচ্ছে না। ফলে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বহু পরিবারের।এছাড়াও জোরপূর্বক স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রাহকদের একাংশের দাবি, পর্যাপ্ত সচেতনতা বা সম্মতি ছাড়াই স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিষেবার মান নিয়েও অসন্তোষ বাড়ছে—ঘনঘন লাইন কাটা, আগাম নোটিশ ছাড়া সংযোগ বিচ্ছিন্ন করা এবং দপ্তরের অভ্যন্তরে দুর্নীতির অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে অভিযোগ।এই সমস্ত ইস্যুকে সামনে রেখে যুব কংগ্রেসের তরফে বিদ্যুৎ দপ্তরের ডিই-র উদ্দেশে ডেপুটেশন পেশ করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌর প্রতিনিধি অপর্ণা ঘোষ, পারমিতা ঘোষ, মধু কামি।

উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অনিল শিকারিয়া, সম্পাদক ছোটন সেন, যুব কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল মুখার্জি, খড়গপুর শহর যুব কংগ্রেসের সভাপতি অমিত শর্মা এবং শহর ছাত্র পরিষদের সভাপতি রাহুল সিং।বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি—অযৌক্তিক পেনাল্টি প্রত্যাহার, স্মার্ট মিটার সংক্রান্ত স্বচ্ছ নীতি প্রকাশ এবং আগাম নোটিশ ছাড়া লাইন কাটা বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।এখন দেখার, বিদ্যুৎ দপ্তর এই অভিযোগগুলির কী জবাব দেয় এবং সমস্যার সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করে। খড়গপুরবাসীর নজর আপাতত সেদিকেই।

Latest