Skip to content

আরজি কর হাসপাতালে ফের রহস্যমৃত্যু! লিফ্ট দুর্ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য, নিরাপত্তা নিয়ে উঠল বড় প্রশ্ন!

নিজস্ব সংবাদদাতা : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০)। জানা গিয়েছে, অসুস্থ ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত প্রাণ হারাতে হল তাঁকেই। তাঁর বাড়ি দমদমের নাগেরবাজার এলাকায়।হাসপাতাল সূত্রে খবর, লিফ্টে ওঠার সময়ই ঘটে বিপত্তি। ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা অরূপবাবুকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে, ঘটনাকে ঘিরে লিফ্ট ম্যানকে আটক করেছে পুলিশ।ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন অন্যান্য রোগীর পরিজনরা। তাঁদের অভিযোগ, হাসপাতালে লিফ্ট পরিষেবায় চরম অব্যবস্থা চলছে। বেশিরভাগ সময় লিফ্টে কোনও অপারেটর থাকেন না, রোগীর পরিবারের লোকদেরই ঝুঁকি নিয়ে লিফ্ট চালাতে হয়। এই অব্যবস্থার জেরেই এমন মর্মান্তিক দুর্ঘটনা বলে দাবি তাঁদের।যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য কিছুটা ভিন্ন। হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন, “লিফ্টের কোনও তার ছিঁড়ে যায়নি। লিফ্টের ভিতরে আটকে থাকা তিনজনকেই উদ্ধার করা হয়েছিল। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন নেই, মায়ের সামান্য আঘাত ছিল। তবে বাবার আঘাত গুরুতর ছিল। দ্রুত তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অরূপবাবুকে মৃত বলে ঘোষণা করেন। তবে শরীরে পিষে যাওয়ার কোনও চিহ্ন পাওয়া যায়নি।”ঘটনার পর লিফ্টটি ঘিরে ফেলা হয়েছে এবং কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং পরিকাঠামো নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Latest