Skip to content

৮ই ফেব্রুয়ারি রবিবার ১২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, রক্ষণাবেক্ষণের কাজে যান চলাচলে নিষেধাজ্ঞা!

1 min read

অভিজিৎ সাহা : রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার, ৮ ফেব্রুয়ারি ১২ ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার, ৮ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল ও বিয়ারিং বদলানোর কাজ করা হতে পারে বলে জানা গেছে।

এই সময়কালে বিদ্যাসাগর সেতুমুখী যানবাহনগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘোরানো হবে এবং সেখান থেকে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে আসা যানবাহনগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে।এছাড়াও, সিজিআর রোড ধরে খিদিরপুরের দিক থেকে আসা বিদ্যাসাগর সেতুমুখী সমস্ত গাড়িকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কেপি রোড ধরে আসা যানবাহনগুলিকে ওয়াই পয়েন্টের কাছে ঘোড়া পাসের দিকে যেতে বলা হয়েছে। বিকল্প হিসেবে এই ১২ ঘণ্টা হাওড়া ব্রিজ ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রশাসন।পুলিশ সূত্রে খবর, নির্ধারিত সময় শেষে রবিবার সন্ধ্যা ৬টার পর ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বিদ্যাসাগর সেতু।

Latest