নিজস্ব সংবাদদাতা: ২১শে মার্চ শনিবার সন্ধ্যায় লোকভবনে গিয়ে নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি-র সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী একে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই উল্লেখ করলেও, রাজনৈতিক মহলের একাংশ মনে করছে—রাজ্যের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা নিয়েই মূল আলোচনা হয়েছে।প্রসঙ্গত, প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস পদত্যাগ করার পর ১২ মার্চ কলকাতায় আসেন রবি। পরদিন ১৩ মার্চ লোকভবনেই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হয়, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। সেদিন সংক্ষিপ্ত কথোপকথন হলেও, শনিবারের বৈঠক দীর্ঘ সময় ধরে চলে বলে জানা গিয়েছে।এর আগে, বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তারা। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, ডিজিপি সিদ্ধনাথ গুপ্ত, কলকাতার পুলিশ কমিশনার অজয়কুমার নন্দ এবং এডিজি (আইনশৃঙ্খলা) অজয় মুকুন্দ রানাডে।লোকভবন সূত্রে জানা গিয়েছে, প্রায় আধ ঘণ্টা ধরে চলা সেই বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদে খোঁজখবর নেন রাজ্যপাল। দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সেটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে শনিবারের বৈঠক নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। ফলে স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎ ঘিরে জল্পনা আরও তীব্র হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এর প্রভাব আগামী দিনের রাজ্য রাজনীতিতে পড়তে পারে।
লোকভবনে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বৈঠক, জল্পনা তুঙ্গে! ‘সৌজন্য সাক্ষাৎ’ বললেও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন?