নিজস্ব সংবাদদাতা : মালদহের মালতিপুরে নির্বাচনী মঞ্চ থেকে কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুরকে ঘিরে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee। শনিবারের জনসভায় নাম না করেই প্রাক্তন তৃণমূল সাংসদকে নিশানা করে মমতা বলেন, “উনি ভোটে লড়ে জেতেননি, বিধায়কদের ভোটে জিতেছিলেন। আমার ভোটও পেয়েছিলেন।” তাঁর এই মন্তব্য ঘিরে মালদহের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।মালতিপুরের সভামঞ্চ থেকে মমতার অভিযোগ, দল থেকে একাধিক সুযোগ পাওয়ার পরেও ভোটের মুখে দলবদল করেছেন Mausam Benazir Noor। ইঙ্গিতপূর্ণ সুরে তিনি বলেন, “নিজে জীবনে রাজ্যসভায় যেতে পারিনি, ওকে পাঠিয়েছিলাম।” একইসঙ্গে তাঁর কড়া মন্তব্য, “পলাতকদের মানুষ ক্ষমা করবে না।” রাজনৈতিক মহলের মতে, মৌসমের কংগ্রেসে প্রত্যাবর্তনকে ‘অকৃতজ্ঞতা’র ইস্যু করে মালতিপুরে আবেগের ভোট টানতেই এই কৌশলী আক্রমণ শাসকদলের। প্রসঙ্গত, মালতিপুর দীর্ঘদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই কেন্দ্রে মৌসম বেনজির নুরকে প্রার্থী করে পুরনো জমি ফের দখলের লড়াইয়ে নেমেছে কংগ্রেস। অন্যদিকে তৃণমূলও এই আসনকে মর্যাদার লড়াই হিসেবে দেখছে। ফলে মমতার এই মন্তব্যে ভোটের আগে মালতিপুরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল বলেই মত ওয়াকিবহাল মহলের। এদিন মমতা আরও বলেন, “এত সুযোগ পাওয়ার পরেও ভোটের সময় দলের বিরোধিতা করেছে। মানুষ এর জবাব দেবে।”
‘ওকে আমিই পাঠিয়েছিলাম’— মালতিপুরের সভা থেকে মৌসমকে তীব্র খোঁচা মমতার!