ধ্যান-যোগে আত্মনিয়ন্ত্রণের বার্তা, মেদিনীপুর কলেজে নেশাবিরোধী কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:নেশার বিরুদ্ধে যুবসমাজকে সচেতন করতে মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। কলেজের উদ্যোগে এবং প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কলেজের বিবেকানন্দ হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘নেশামুক্ত ভারত অভিযান’-এর ১০০ সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের মাননীয় অধ্যক্ষ ড. অসিত পণ্ডা মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীরা।অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে নেশার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ধ্যান ও যোগাভ্যাস, যার মাধ্যমে মানসিক প্রশান্তি ও আত্মনিয়ন্ত্রণের বার্তা দেওয়া হয়। বক্তারা বলেন, নেশার বিস্তার রুখতে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তোলা জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে নেশার কুফল সম্পর্কে সচেতন করে তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিতদের নেশা থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার ও সমাজে নেশা বিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। মেদিনীপুর কলেজে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি আগামী দিনেও তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা।