সেখ ওয়ারেশ আলী : রাজ্যজুড়ে প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই তৃণমূল শিবিরে শুরু হয়েছে উৎসবের আবহ। Mamata Banerjee এবং Abhishek Banerjee-র হাত ধরে ২৯১টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ হতেই মেদিনীপুরে চূড়ান্ত উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল।মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার নাম। আর সেই ঘোষণার পরেই জেলা তৃণমূল কার্যালয়ে দলীয় কর্মী-সমর্থকদের আনন্দ যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো ছড়িয়ে পড়ে।

একে অপরকে মিষ্টি খাইয়ে, সবুজ আবির উড়িয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় উদযাপন।শুধু উদযাপনেই থেমে থাকেননি কর্মী-সমর্থকরা। প্রার্থী ঘোষণার পরপরই নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। জানা গেছে, আগামীকাল থেকেই পূর্ণ উদ্যমে প্রচারে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিনই মেদিনীপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মাধ্যমে প্রথম দিনের প্রচার কার্যত শুরু করে দেন প্রার্থী সুজয় হাজরা নিজেই। ফলে নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই দলীয় কর্মীদের পাশে নিয়ে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়লেন তিনি।সব মিলিয়ে, মেদিনীপুরে তৃণমূলের নির্বাচনী লড়াইয়ে শুরুতেই তৈরি হয়েছে জোরালো গতি ও আত্মবিশ্বাসের বার্তা।