নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর কলেজের (১৫৪তম) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও মেদিনীপুর কলেজ স্টাফ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। তবে এ বছর তাদের উদ্যোগে যুক্ত হলো এক ব্যতিক্রমী ও মানবিক দৃষ্টান্ত।

গত ৩০ জানুয়ারি রাত্রিবেলায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বাইরে চিকিৎসাধীন রোগীদের আত্মীয়-স্বজনদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। জানা যায়, প্রায় ৯২ জন মানুষের জন্য রাত্রিকালীন আহারের ব্যবস্থা করে মেদিনীপুর কলেজ স্টাফ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড।

শীতের রাতে হাসপাতালের বাইরে অপেক্ষারত রোগীর পরিজনদের কষ্টের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানানো হয়েছে। কলেজের অধ্যক্ষ ডঃ অসিত পণ্ডার নির্দেশ ও অনুপ্রেরণায় এই মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। এই উদ্যোগকে ঘিরে সংশ্লিষ্ট মহলে প্রশংসার সুর শোনা যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবসকে শুধুমাত্র উৎসবের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস নিঃসন্দেহে এক অনুকরণীয় দৃষ্টান্ত।