নিজস্ব সংবাদদাতা: সমাজসেবা, মানবিকতা ও পরিবেশ সচেতনতার অনন্য বার্তা নিয়ে আজ মেদিনীপুর কলেজে আয়োজিত হলো এক ব্যতিক্রমী রক্তদান শিবির। কলেজের শিক্ষাকর্মীদের উদ্যোগে ও NSS ইউনিট-৪ এর সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচি উৎসাহ-উদ্দীপনা ও আন্তরিক অংশগ্রহণে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ডক্টর অসিত পণ্ডার দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় মানবকল্যাণে নিবেদিত এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।

অনুষ্ঠানের সূচনায় অধ্যক্ষ ডক্টর অসিত পণ্ডা গাছে জল সিঞ্চনের মাধ্যমে পরিবেশ রক্ষার প্রতীকী বার্তা দেন। মানবসেবার পাশাপাশি প্রকৃতির প্রতি দায়বদ্ধতার এই অভিনব উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে এবং অনুষ্ঠানের মর্যাদা বাড়িয়ে তোলে।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ ডক্টর প্রবীর কুমার চক্রবর্তী ও ডক্টর গোপাল চন্দ্র বেরা। কলেজের সিনিয়র অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ,ডক্টর সুব্রত গিরির পাশাপাশি উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মনিকান্ত পড়িয়া, পৌর চেয়ারম্যান সৌমেন খান, সমাজসেবী আবীর আগরওয়াল,বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিশ্বপতি জানা, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ডক্টর সুরজিৎ সান্যাল এবং পশ্চিমবঙ্গ পুলিশের দুই কর্মীসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

রক্তদান শিবিরে কলেজের অধ্যাপক, ছাত্র-ছাত্রী ও শিক্ষাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রতিটি রক্তদাতাকে গাছের চারা ও স্মারক প্রদান করা হয়, যা মানবতার সেবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তাকে আরও শক্তিশালী করে তোলে। প্রায় ৫২ রক্ত দান করেন।

আয়োজকদের মধ্যে সন্তু মাহাত জানান, "সমাজের কল্যাণে এ ধরনের মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মেদিনীপুর কলেজের এই উদ্যোগ শুধু রক্তদান নয়, মানবিক মূল্যবোধ ও পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। কলেজের সকল সদস্যদের ধন্যবাদ ও শুভেচ্ছা অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য।"

