হিন্দুত্ববাদীদের ‘গুণ্ডা’ মন্তব্যের প্রতিবাদ, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ!
মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ বিধায়ক শঙ্কর কুমার গুছাইতের, থানার বাইরে গেরুয়া পতাকা নিয়ে বিক্ষোভ!
সেখ ওয়ারেশ আলী : হিন্দুত্ববাদীদের ‘গুণ্ডা’ বলে উল্লেখ করার অভিযোগে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত। শুক্রবার এই অভিযোগ দায়েরকে কেন্দ্র করে থানার বাইরে প্রতিবাদে সামিল হন একদল বিক্ষোভকারী। তাঁদের হাতে গেরুয়া পতাকা দেখা যায় এবং বিভিন্ন স্লোগানও দিতে শোনা যায়। থানায় অভিযোগ জমা দেওয়ার পর বিধায়ক শঙ্কর কুমার গুছাইত বলেন, হিন্দু সমাজকে ‘গুণ্ডা’ বলে উল্লেখ করার মন্তব্যের প্রতিবাদ জানিয়েই তিনি এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর কথায়, “হিন্দু সমাজকে গুণ্ডা বলার অধিকার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কেউ দেয়নি। আমি শুধু মেদিনীপুরের বিধায়ক হিসেবে নয়, হিন্দু সমাজের একজন সদস্য হিসেবেও এই মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।”

বিধায়কের অভিযোগ, একজন আইনজীবী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এ ধরনের মন্তব্য হিন্দু সমাজের ভাবাবেগে আঘাত করেছে। তাঁর বক্তব্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনা ঘটে থাকলে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করার পরিবর্তে স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো এবং প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো উচিত ছিল।শঙ্কর কুমার গুছাইত আরও বলেন, কোনও নির্দিষ্ট ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে গোটা হিন্দু সমাজকে আক্রমণ করা বা কালিমালিপ্ত করা উচিত নয়। তাঁর দাবি, এই মন্তব্যের প্রতিবাদ জানাতেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এফআইআর নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।তবে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করেছে, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যও এই প্রতিবেদনে পাওয়া যায়নি।