পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক সংজ্ঞাহীন সংকটজনক রোগীকে চড় মারার অভিযোগ উঠল কর্তব্যরত এক নার্সের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। অভিযোগ জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছে মৃত রোগীর পরিবার।জানা গেছে, মেদিনীপুর শহরের সিপাই বাজার এলাকার বাসিন্দা বৈশাখী খান (২৭) গত শুক্রবার (৩০ তারিখ) প্যানক্রিয়াস সংক্রান্ত গুরুতর সমস্যায় আক্রান্ত হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি হন।

ভর্তি হওয়ার পর থেকেই ক্রমশ অবনতি হতে থাকে তাঁর শারীরিক অবস্থার।অভিযোগ, শনিবার রাতে বৈশাখী খান সংজ্ঞাহীন অবস্থায় থাকা কালীন কর্তব্যরত এক নার্স তাঁকে চড় মারেন। ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন রোগীর স্বামী। ঘটনার পরেই শনিবার রাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করে বৈশাখীর পরিবার।এর কয়েক ঘণ্টা পর, রবিবার ভোর সাতটা নাগাদ মৃত্যু হয় বৈশাখী খানের। যদিও মৃত্যুর কারণ নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ তোলা হয়নি, তবে মৃত্যুর ঠিক কয়েক ঘণ্টা আগে রোগীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে।

এ বিষয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাক্তার. ইন্দ্রনীল সেন জানান,“অনেক সময় সংজ্ঞাহীন রোগীর ক্ষেত্রে জ্ঞান ফেরানোর জন্য বা পেন রেসপন্স হচ্ছে কি না তা যাচাই করতে কিছু মেডিক্যাল পদ্ধতি প্রয়োগ করা হয়। তবে চড় মারার মতো অভিযোগ অত্যন্ত অস্বাভাবিক। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে।