নিজস্ব সংবাদদাতা : আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর হল-এ কর্মীসভা করে শক্তি প্রদর্শন করল বামফ্রন্ট। নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করতে এবং কর্মীদের চাঙ্গা করতেই এই সভার আয়োজন করা হয়।এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল, সিপিআই-এর জেলা সম্পাদক বিপ্লব ভট্ট এবং মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরই-সহ একাধিক শীর্ষ নেতা। রাজ্যে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশের পর এই সভা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সভা থেকে মহম্মদ সেলিম ও অন্যান্য বক্তারা তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। একই সঙ্গে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার ডাক দেন। বক্তাদের বক্তব্যে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, গণতান্ত্রিক অধিকার এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার মতো ইস্যুগুলি গুরুত্ব পায়।বিশেষভাবে বক্তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানান, একজনও বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তা সুনিশ্চিত করতে হবে। ভোটার তালিকা নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হওয়ায় এই ইস্যুকে বামফ্রন্ট নির্বাচনের অন্যতম বড় প্রশ্ন হিসেবে তুলে ধরছে।

সভায় সভাপতিত্ব করেন সিপিআই(এম) মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ। সভা শেষে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে একটি বর্ণাঢ্য মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে, যেখানে লাল পতাকা, স্লোগান এবং কর্মী-সমর্থকদের উপস্থিতি শহরের রাজনৈতিক আবহকে আরও উজ্জ্বল করে তোলে।ভোট যত এগোচ্ছে, ততই মেদিনীপুরে রাজনৈতিক লড়াই জমে উঠছে— আর সেই লড়াইয়ে নিজেদের জমি শক্ত করতে মাঠে নামল বামফ্রন্ট।