Skip to content

মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে অতিদরিদ্র ছাত্র,ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ ও গুণীজন সম্বর্ধনা!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রবিবার, ১ ফেব্রুয়ারি মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে অতিদরিদ্র ছাত্র,ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থার বিংশতিতম বর্ষ উপলক্ষে বর্ষব্যাপী সমাজকল্যাণমূলক কর্মসূচির অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।২০০৫ সালে প্রতিষ্ঠিত মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরাম স্বামী বিবেকানন্দের “শিবজ্ঞানে জীবসেবা” আদর্শে অনুপ্রাণিত হয়ে গত ২১ বছর ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পুস্তক ও বস্ত্রদান, দরিদ্র রোগীদের আর্থিক সহায়তা, রক্তদান শিবির সহ নানা মানবিক উদ্যোগের মাধ্যমে সংস্থাটি সমাজের পাশে দাঁড়িয়ে রয়েছে। এদিন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ৫১টি স্কুলের মোট ১৬৭ জন অতিদরিদ্র ছাত্রছাত্রীকে পাঠ্যপুস্তক ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৬ জন বিশিষ্ট গুণীজনকে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও মেদিনীপুরের ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু আফরিন জাবিকে বিশেষ সম্মাননা প্রদান হাতে টাকার চেক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্বামী ব্রক্ষেশ্বরানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, সমাজসেবী ও উদ্যোগপতি মদনমোহন মাইতি, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌ রায়, অসীম বরন ঘোষ, সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের সভাপতি সত্যব্রত রায়, সম্পাদক নিত্যানন্দ পান্ডা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থাও করা হয়। পাঠ্যপুস্তক পেয়ে ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের এই মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগের জন্য প্রশংসা ও শুভেচ্ছা জানানো হয়।

Latest