নিজস্ব সংবাদদাতা: ক্রিকেট দুনিয়ায় নতুন গল্প লিখল ইটালি। ফুটবলের জন্য বিশ্বজোড়া খ্যাতি থাকলেও, এবার ব্যাট-বলের লড়াইয়েই নিজেদের নাম তুলে দিল তারা। টি-২০ বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছিল ইটালি, আর এবার নেপালকে একেবারে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল তারা। জাস্টিন মোসকা ও অ্যান্থনি মোসকার দুরন্ত ইনিংসে নতুন অধ্যায় শুরু হল ইটালির ক্রিকেট ইতিহাসে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইটালির অধিনায়ক হ্যারি মানেনতি। শুরু থেকেই ইটালির স্পিন আক্রমণের সামনে নেপালের ব্যাটিং লাইন-আপ ভেঙে পড়ে। মাত্র ৮ রানেই প্রথম উইকেট হারায় নেপাল। এরপর আর কোনও ব্যাটারই ক্রিজে দাঁড়িয়ে ম্যাচ ঘোরানোর মতো ইনিংস খেলতে পারেননি। নেপালের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আরিফ শেখ। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারেই গুটিয়ে যায় নেপালের ইনিংস।

১২৪ রানের লক্ষ্য খুব কঠিন হবে কিনা, সেই প্রশ্ন উঠেছিল ম্যাচের আগে। তবে মাঠে নেমেই সমস্ত সংশয় উড়িয়ে দেন ইটালির দুই ওপেনার। জাস্টিন মোসকা ও অ্যান্থনি মোসকার বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১২.৪ ওভারেই ম্যাচ জিতে নেয় ইটালি। জাস্টিন অপরাজিত ৬০ এবং অ্যান্থনি অপরাজিত ৬২ রান করে দলকে দারুণ জয়ের দিকে নিয়ে যান। ৪৪ বল বাকি থাকতেই নিশ্চিত হয় জয়।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো এবারের বিশ্বকাপে জয়হীনই থাকবে ইটালি। অন্যদিকে ইংল্যান্ডকে প্রায় হারিয়ে দেওয়া নেপালকে শক্তিশালী দল হিসেবেই ধরা হচ্ছিল। কিন্তু ক্রিকেটের অনিশ্চয়তা আবারও প্রমাণ করল—কাগজে-কলমে শক্তিশালী হলেই জয় নিশ্চিত নয়। এই জয়ের আগে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ছিল ইটালি। তবে নেপালের বিরুদ্ধে দাপুটে জয়ের পর তারা উঠে এসেছে তৃতীয় স্থানে এবং পিছনে ফেলেছে ইংল্যান্ডকেও। সুপার এইটে ওঠার স্বপ্ন এখন আরও উজ্জ্বল ইটালির সামনে। ফুটবলের দেশ হিসেবে পরিচিত ইটালি এবার ক্রিকেট মঞ্চেও জানিয়ে দিল—তাদের অবহেলা করার সময় শেষ।
