অভিজিৎ সাহা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বার্তা দিল নির্বাচন কমিশন। কমিশনের সাম্প্রতিক নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে ভোটমুখী পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বর্তমান বিধানসভার মেয়াদ শেষের সম্ভাব্য তারিখ। সেই তালিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ মে। ফলে তার আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে নতুন বিধানসভা গঠন করতে হবে বলে মনে করা হচ্ছে।কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের নিজ জেলা বা দীর্ঘদিনের কর্মস্থলে দায়িত্বে রাখা হবে না। ভোটকে নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতে এই নীতি দীর্ঘদিন ধরেই অনুসরণ করে আসছে নির্বাচন কমিশন। একই নির্দেশিকায় তামিলনাড়ু (১০ মে), অসম (২০ মে), কেরল (২৩ মে) এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি (১৫ জুন) বিধানসভার মেয়াদ শেষের সময়সীমাও তুলে ধরা হয়েছে।বিধানসভা সচিবালয়ের সূত্রে জানা গিয়েছে, কমিশনের এই বার্তা থেকে স্পষ্ট যে আগামী ৭ মের মধ্যেই পশ্চিমবঙ্গে ভোটপ্রক্রিয়া শেষ করে নবনির্বাচিত বিধায়কদের তালিকা প্রকাশ করতে হবে। এরপর রাজ্যপাল প্রোটেম স্পিকার নিয়োগ করে নতুন বিধায়কদের শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। সচিবালয়ের তরফে ওই সময়সীমার মধ্যেই শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।কমিশন সূত্রে খবর, এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চের শুরুতেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। গত কয়েকটি নির্বাচনের মতো এ বারও পাঁচ বিধানসভার ভোটগণনা একসঙ্গেই হওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই কমিশন জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে প্রশাসনিক বদলি সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে রিপোর্ট জমা দিতে হবে। তার পরেই আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।