নিজস্ব সংবাদদাতা :IPL 2026-এর শুরু হওয়ার পর মাত্র দিন দশেকেই বিসিসিআই রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের চলাফেরার উপর নতুন নিয়ম চালু করেছে। বিসিসিআই সূত্রের খবর, আইপিএলের পরিচালন সমিতি ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিয়েছে যে এবার থেকে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের মাঠে চলাফেরার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। তারা আর ইচ্ছামতো মাঠে ঢুকতে পারবেন না। এমনকি বাউন্ডারির ধারে বেঞ্চের ক্রিকেটারদের ঘোরাফেরা করাও এবার নিষিদ্ধ। উল্লেখ্য, আইপিএলের একেকটি দলে সাধারণত 25 জন ক্রিকেটার থাকলেও, প্রতিটি ম্যাচে প্রাথমিক দলে রাখা যায় মাত্র 16 জনকে। যারা 16 জনের দলে নেই, তারা মাঠে জল, ব্যাট-গ্লাভস বা অন্য ক্রিকেট সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবেন না। বাউন্ডারি লাইনের ধারে ঘোরাফেরা করাও তাদের জন্য বন্ধ। টাইম আউটের সময়ও তারা ডাগআউটে বসেই থাকতে বাধ্য থাকবেন। বোর্ডের পক্ষ থেকে এই নতুন নিয়মের বিস্তারিত কারণ এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, মাঠে নিয়মিত ও সুসংগঠিত পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।