Skip to content

চন্দ্রকোনা রোডে ভয়াবহ দুর্ঘটনা: লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই পুলিশকর্মীর মৃত্যু, আশঙ্কাজনক তিন!

অভিজিৎ সাহা :  সোমবার ২রা মার্চ দোলের আগের দিন মধ্যরাতের স্তব্ধতা ভেঙে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকা। মেদিনীপুর থেকে গড়বেতা থানায় ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে পুলিশকর্মী বোঝাই একটি ভ্যানের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়ে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ধাক্কার অভিঘাত এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলেই এক পুলিশকর্মীর মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় বাকিদের উদ্ধার করে দ্রুত দাড়িগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আরও এক পুলিশকর্মী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দুর্ঘটনায় আহত আরও তিন পুলিশকর্মীর অবস্থা সংকটজনক হওয়ায় রাতেই তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। ঘটনার পরপরই অভিযুক্ত লরির চালক গাড়ি ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি বা নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গভীর রাতে এমন দুর্ঘটনায় পুলিশ মহলেও নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীদের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ প্রশাসন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বহু প্রশ্নের উত্তর মিলবে না—কিন্তু দুই পরিবারের জীবনে যে শূন্যতা তৈরি হল, তা আর কখনও পূরণ হবে না।

Latest