অভিজিৎ সাহা: আয়কর দাতাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্র। প্যান কার্ড সংক্রান্ত একাধিক নিয়মে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। ২০২৫ সালের নতুন আয়কর আইন আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে বলে কেন্দ্রীয় বাজেটে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নতুন আইনে পুরনো ১৯৬১ সালের আয়কর আইনকে প্রতিস্থাপন করা হচ্ছে। নিয়মের সংখ্যা কমিয়ে ভাষা সহজ করার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে সাধারণ করদাতারা সহজেই আইন বুঝতে পারেন।সরকারি সূত্রে জানা গেছে, নতুন আয়কর আইনের অধীনে প্যান কার্ড ব্যবহারের ক্ষেত্রেও বেশ কিছু বদল আনা হচ্ছে। বর্তমানে একদিনে ৫০ হাজার টাকার বেশি নগদ জমা করলে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক হলেও, নতুন নিয়মে আর্থিক বছরে মোট নগদ জমা ১০ লক্ষ টাকার বেশি হলেই প্যান নম্বর দিতে হবে।এছাড়াও গাড়ি কেনার ক্ষেত্রেও শিথিলতা আনা হয়েছে। এখন থেকে ৫ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি কেনার ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে, যেখানে আগে যেকোনো দামের গাড়ি কেনার সময়ই প্যান নম্বর প্রয়োজন হত। সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। অন্যদিকে, হোটেল বা রেস্তোরাঁয় ১ লক্ষ টাকার বেশি বিল পরিশোধের ক্ষেত্রেও প্যান নম্বর উল্লেখ করতে হবে।আয়কর দফতর জানিয়েছে, নতুন নিয়মের খসড়া সম্পর্কে মতামত জানাতে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। খসড়া নিয়ম ১৫৯-এ উল্লেখ রয়েছে, ব্যাংক বা ডিম্যাট অ্যাকাউন্ট খোলা, ক্রেডিট কার্ডের আবেদন, বড় অঙ্কের নগদ লেনদেন, মিউচুয়াল ফান্ড বা সিকিউরিটিজ কেনা, উচ্চমূল্যের বাইক ও সম্পত্তি ক্রয়—এসব ক্ষেত্রেই প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক থাকবে।আয়কর দফতরের দাবি, নিয়ম ১৫০-এর মূল লক্ষ্য হল বড় আর্থিক লেনদেন নজরদারিতে রাখা, কর ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি এবং কর ফাঁকির ঘটনা রোধ করা। নতুন আয়কর আইন কার্যকর হলে করদাতাদের জন্য প্রক্রিয়া আরও সহজ হবে বলেই মনে করছে কেন্দ্র।