অভিজিৎ সাহা: নতুন বেতন কাঠামো তৈরি ও স্থায়ীকরণের দাবিতে মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভে সামিল হন পার্শ্বশিক্ষকরা। এদিন মিছিল করে বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বসেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন ও চাকরির নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সমাধান হয়নি। রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের বেতন এক হাজার টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হলেও, তা পর্যাপ্ত নয় বলে দাবি করে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তাঁরা।

অন্যদিকে, ১২ মাসের মজুরি ও উৎসব বোনাসের দাবিতে এদিন শিয়ালদা এলাকায় মিছিল করেন মিড ডে মিল কর্মীরাও। মৌলালি মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখানোর ফলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে বলে জানা গেছে। আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সামান্য ভাতায় কাজ করতে হচ্ছে তাঁদের, তাই অবিলম্বে ভাতা বৃদ্ধি ও নির্দিষ্ট আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে। মিড ডে মিল কর্মীদের হুঁশিয়ারি, দ্রুত দাবিদাওয়া না মানা হলে আগামী দিনে কর্মবিরতির মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ বাহিনী।