Skip to content

ভোটের আগেই কড়া নিরাপত্তা বলয়! রাজ্যজুড়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পশ্চিম মেদিনীপুরে শুরু রুট মার্চ!

নিজস্ব সংবাদদাতা :  নির্বাচন ঘোষণার আগেই রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় জোরদার করা হল। শান্তিপূর্ণ ও অবাধ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ভোটের আগাম প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছে গিয়েছে ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জেলার স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ধাপে ধাপে বাহিনী মোতায়েনের কাজ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। মেদিনীপুর কোতোয়ালি থানার অধীন এলাকায় ইতিমধ্যেই ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দায়িত্ব নিয়েছে। সকাল থেকেই স্থানীয় থানার আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে শহরের বিভিন্ন প্রান্তে রুট মার্চ ও টহল দিচ্ছেন জওয়ানরা। বাজার এলাকা, ব্যস্ত মোড় এবং জনবহুল স্থানগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের দাবি, ভোটারদের মধ্যে আস্থা বাড়ানো এবং সম্ভাব্য অশান্তি রুখতেই এই আগাম প্রস্তুতি। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই জেলাজুড়ে নিরাপত্তার বলয় আরও শক্ত করা হবে বলেও ইঙ্গিত মিলেছে।

Latest