বেলদা কলেজ-ধলবেলুন রাস্তা বেহাল, যাতায়াত বন্ধের মুখে—চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ!
তুহিন কান্তি দাস : বেলদা কলেজ থেকে ধলবেলুন যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার হাজার হাজার বাসিন্দা ও পড়ুয়া। রাস্তার একটি বড় অংশ ভেঙে গিয়ে কিংবা ধসে পড়ে বর্তমানে যাতায়াত কার্যত বন্ধ হওয়ার মুখে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও করছেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দাদের দাবি, এই রাস্তাটি শুধুমাত্র একটি সাধারণ যোগাযোগপথ নয়, বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে কার্যত ‘লাইফলাইন’। ধলবেলুন, লকলাড়, বেলাড়-সহ বিনোদপুর এলাকার বাসিন্দারা বেলদা শহরে যাতায়াতের জন্য মূলত এই পথের উপর নির্ভরশীল। পাশাপাশি জয়কৃষ্ণপুর, জামদি, কালিয়াপাড়া-সহ একাধিক গ্রামের মানুষও প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুল-কলেজের পড়ুয়ারা। প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রীকে ঝুঁকিপূর্ণ এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হচ্ছে। রাস্তার বর্তমান পরিস্থিতিতে সাইকেল, বাইক বা স্কুটি নিয়ে চলাচল করাও অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।স্থানীয় মহিলাদেরও একই সমস্যার মুখে পড়তে হচ্ছে। অনেকেই সাইকেল বা স্কুটি নিয়ে নিয়মিত এই পথ ব্যবহার করে বিভিন্ন কাজে যাতায়াত করেন। কিন্তু রাস্তার এমন পরিস্থিতিতে তাঁদের স্বাভাবিক চলাচলও কার্যত ব্যাহত হয়েছে। বিশেষ করে রাতে এই রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের দাবি, অনেক মানুষ এখনও রাস্তার বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে অবগত নন। ফলে অসাবধানতাবশত ওই অংশ দিয়ে চলাচল করতে গিয়ে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের আবেদন, স্থায়ীভাবে রাস্তা সংস্কারের কাজ শুরু না হওয়া পর্যন্ত অন্তত অস্থায়ী যাতায়াতের ব্যবস্থা করা হোক, যাতে পড়ুয়া, সাধারণ মানুষ এবং জরুরি পরিষেবার যানবাহন চলাচল করতে পারে।রাস্তার দ্রুত সংস্কার ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে এলাকার হাজার হাজার মানুষ।