Skip to content

বেলদা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন পালক, চালু হলো বিভাগীয় গ্রন্থাগার!

1 min read

নিজস্ব সংবাদদাতা : শিক্ষা ও জ্ঞানচর্চার পরিসর আরও সমৃদ্ধ করতে বেলদা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আনুষ্ঠানিকভাবে চালু হলো বিভাগীয় গ্রন্থাগার। সাধারণ ছাত্র-ছাত্রীদের পাঠাভ্যাস ও গবেষণামূলক চর্চাকে এগিয়ে নিয়ে যেতে এই গ্রন্থাগারটি উৎসর্গ করা হয়েছে। এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থাগারের শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ ড. চন্দ্রশেখর হাজরা

এই উদ্যোগের বিশেষ তাৎপর্য হলো, মেদিনীপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক জগবন্ধু অধিকারী তাঁর ব্যক্তিগত সংগ্রহে থাকা বহু মূল্যবান বই বেলদা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে দান করেছেন।

তাঁর সেই অমূল্য পুস্তকসম্ভারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই বিভাগীয় গ্রন্থাগার। ফলে ছাত্র-ছাত্রীরা এখন বিভাগীয় স্তরেই উন্নত মানের বই পড়ার সুযোগ পাবে, যা উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান ড. তুহিন কান্তি দাস, অধ্যাপিকা শুচিতা সেন এবং অধ্যাপক ড. বাসুদেব দাস

অনুষ্ঠান জুড়ে ছাত্র-ছাত্রীদের উৎসাহী উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।সভায় ষষ্ঠ সেমেস্টারের ছাত্র সায়ন এই ধরনের শিক্ষামূলক উদ্যোগের ইতিবাচক প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। তিনি অধ্যাপক জগবন্ধু অধিকারী-র প্রতি গভীর শ্রদ্ধা এবং কলেজের অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিভাগের পক্ষ থেকে ধন্যবাদজ্ঞাপন করেন অধ্যাপিকা শুচিতা সেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. বাসুদেব দাস।কলেজের এই নতুন সংযোজন ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জ্ঞানচর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলেই আশা শিক্ষকমহল ও পড়ুয়াদের।

Latest