Skip to content

ভোটের আগেই বেলদায় বড় উন্নয়ন প্রকল্প! ১.১০ কোটি টাকায় বেলদায় আধুনিক সেন্ট্রাল বাসস্ট্যান্ডের শিলান্যাস!

নিজস্ব সংবাদদাতা :  বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে বেলদায় পরিকাঠামো উন্নয়নের একটি বড় উদ্যোগের সূচনা হল। ১৫ই মার্চ,রবিবার আনুষ্ঠানিকভাবে বেলদা সেন্ট্রাল বাসস্ট্যান্ড নির্মাণের শিলান্যাস করা হয়। এই প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা।পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে যে এসবিএসটিসি বেলদা বাস ডিপো রয়েছে, সেটিকেই ভবিষ্যতে একটি আধুনিক সেন্ট্রাল বাসস্ট্যান্ডে রূপান্তরিত করা হবে। যাত্রীদের সুবিধা এবং এলাকার ক্রমবর্ধমান যোগাযোগ ব্যবস্থার কথা মাথায় রেখেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে রাজ্য পরিবহণ দপ্তরের কাছে প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় আবেদন জানানো হয়েছে।নারায়ণগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক সূর্যকান্ত অট্ট শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত থেকে বলেন, বেলদার গুরুত্ব দিনদিন বাড়ছে এবং যাত্রীদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই উন্নতমানের একটি কেন্দ্রীয় বাসস্ট্যান্ড তৈরির প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগে এই ঘোষণা ও শিলান্যাসকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্পকে ঘিরে দেখা দিয়েছে উৎসাহ ও আশাবাদ। প্রশাসনের মতে, আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই বাসস্ট্যান্ড তৈরি হলে বেলদা সহ আশপাশের এলাকার পরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুশৃঙ্খল হবে।

Latest