Skip to content

আলু সংরক্ষণ ঘিরে চন্দ্রকোনায় উত্তেজনা, হিমঘরের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে বিক্ষোভ কৃষকদের!

অভিজিৎ সাহা : আলু সংরক্ষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল চন্দ্রকোনা এলাকা। স্থানীয় Jagat Mata Cold Storage-এর সামনে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, স্থানীয় উৎপাদকদের বঞ্চিত করে জেলার বাইরে থেকে আসা আলুকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।বৃহস্পতিবার সকাল থেকেই হিমঘরের সামনে ভিড় জমান বহু কৃষক। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরও তাঁরা আলু জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ।

অন্যদিকে, ট্রাকে করে বাইরে থেকে আনা আলু দ্রুত হিমঘরে ঢোকানো হচ্ছে—এই অভিযোগে ক্ষোভ বাড়তে থাকে।কৃষকদের আশঙ্কা, নির্দিষ্ট সময়ের মধ্যে আলু সংরক্ষণ করতে না পারলে মাঠের ফসল নষ্ট হয়ে যেতে পারে। এতে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন তাঁরা। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।

ঘটনাকে ঘিরে হিমঘর চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় স্তরে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হিমঘর কর্তৃপক্ষ। তাঁদের দাবি, শ্রমিকের ঘাটতির কারণে লোডিং প্রক্রিয়ায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে। কোনো কৃষককে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়নি বলেও জানানো হয়েছে।

Latest