নিজস্ব সংবাদদাতা : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিম মেদিনীপুরের রাজনীতিতে ফের প্রকাশ্যে এল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। মেদিনীপুর শহরে দলের জেলা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, শালবনী কেন্দ্র থেকে অরূপ মুখার্জি-র নাম প্রার্থী হিসেবে সামনে আসতেই দলের একাংশের কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। পশ্চিম মেদিনীপুরে ২০২৬ নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে।সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হিসেবে সোমবার জেলা কার্যালয়ে বিক্ষোভকারীরা ঢুকে চেয়ার-টেবিল, আসবাবপত্র ও নথিপত্র ভাঙচুর চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, কার্যালয়ের ভিতরে থাকা একাধিক জিনিসে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, প্রার্থী নির্বাচনকে ঘিরে কংগ্রেসের জেলা সংগঠনের ভিতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই ছিল, এই ঘটনা তা আরও স্পষ্টভাবে সামনে এনে দিল। ভোটের আগে এই ধরনের অশান্তি দলের সাংগঠনিক শক্তির উপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।