নিজস্ব সংবাদদাতা : জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জুড়ে পালিত হল নানা কর্মসূচি। এ বছরের মূল ভাবনা ছিল ‘বিজ্ঞানে নারী’—আর সেই বার্তাকেই সামনে রেখে একাধিক বিদ্যালয়ে আয়োজন করা হয় আলোচনা, প্রদর্শনী ও বিশেষ অনুষ্ঠান।শনিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন ভাগবতচরণ হাই স্কুল-এ ‘ছোটদের ভাবনায় বিজ্ঞান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয় বিজ্ঞান জগতে নারীদের অবদান। মহাকাশচারী কল্পনা চাওলা থেকে গণিতবিদ শকুন্তলা দেবী—এমন মোট ১৫ জন বিশিষ্ট নারীর ছবি প্রদর্শন করে তাঁদের জীবনসংগ্রাম ও সাফল্যের কাহিনি আলোচনা করা হয়।

ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। সভার সমাপ্তি ঘটে ‘বন্দেমাতরম’ সঙ্গীতের মাধ্যমে।এছাড়াও জয়কৃষ্ণপুর নেহরু বিদ্যাভবন-এ ‘স্লাইড শো’-র মাধ্যমে বিজ্ঞানের নানা বিষয় সহজ ভাষায় তুলে ধরা হয় পড়ুয়াদের সামনে। একই দিনে বিদ্যালয়ে উদ্বোধন করা হয় ‘জীববৈচিত্র উদ্যান’।

পাশাপাশি অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর মৃদুল শ্রীমানী-সহ বিশিষ্ট ব্যক্তিরা।এদিন বিদ্যালয়ে একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধনও করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সৌজন্যে বিদ্যালয়ে একটি প্রজেক্টর প্রদান করা হয়েছে, যা ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর শিক্ষায় নতুন দিগন্ত খুলবে বলে মনে করছেন শিক্ষকরা।সব মিলিয়ে, জাতীয় বিজ্ঞান দিবসে জেলার বিভিন্ন প্রান্তে বিজ্ঞানচর্চা ও নারীশক্তির স্বীকৃতির বার্তা স্পষ্ট হয়ে উঠল। নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ যে অত্যন্ত জরুরি, তা আর বলার অপেক্ষা রাখে না।