Skip to content

দাসপুরে অভিষেকের হাইভোল্টেজ সভা, বিজেপিকে তোপ—‘টাকা নিন, ভোট দিন জোড়াফুলে’ বার্তা!

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনের আগে চূড়ান্ত উত্তেজনার পারদ চড়ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আশীষ হুদাইত-এর সমর্থনে বুধবার জগন্নাথপুরে আয়োজিত জনসভায় উপস্থিত হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চপার করে সভাস্থলে পৌঁছনোর পর থেকেই জনসমাগমে ভরে ওঠে গোটা এলাকা।ভোটের মুখে সকাল থেকেই প্রচারে ব্যস্ত ছিলেন তৃণমূল প্রার্থী আশীষ হুদাইত। মঙ্গলবার দাসপুর ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় দোকান ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও করেন তিনি। অন্যদিকে, ঘাটালের তৃণমূল প্রার্থী হিসেবে শ্যামলী সর্দার-এর নামও ইতিমধ্যেই ঘোষণা করেছে দল।এদিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বুথে বসানোর মতো পর্যাপ্ত কর্মী না পেয়ে বিজেপি তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের (BLA-2) মোটা টাকার প্রলোভন দেখাচ্ছে।

এমনকি দিল্লির বিজেপি অফিস থেকেই ফোন করে এই প্রস্তাব দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।দলীয় কর্মীদের উদ্দেশে অভিষেকের বার্তা ছিল আরও চমকপ্রদ। তিনি বলেন, “বিজেপি যদি টাকা দেওয়ার প্রস্তাব দেয়, ফোন ধরুন, দরদাম করুন। দু’হাজার বললে পাঁচ হাজার চান, দশ হাজার বললে পঞ্চাশ হাজার দাবি করুন। টাকা নিন, কিন্তু ভোটটা দিন জোড়াফুলেই।” তাঁর স্পষ্ট বক্তব্য, তৃণমূলের কর্মীরাই দলের আসল শক্তি এবং তারা কোনোভাবেই দলবিরোধী কাজ করবেন না।এছাড়াও ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তিনি জানান, তৃণমূলের ‘দশ প্রতিজ্ঞা’র অন্যতম প্রতিশ্রুতি অনুযায়ী বাংলার মহিলারা আজীবন এই সুবিধা পাবেন। কয়েকদিন আগে দাসপুরের এক বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য—যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের নিয়ে কটূক্তি করা হয়েছিল—তারও কড়া সমালোচনা করেন তিনি। বিজেপিকে ‘নারীবিদ্বেষী’ বলে আখ্যা দিয়ে প্রশ্ন তোলেন, কেন ওই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।ভোটের আগে এই হাইভোল্টেজ সভা দাসপুরের রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Latest