Skip to content

গড়বেতায় বিজেপির প্রার্থী প্রদীপ লোধা, প্রচারে নেমেই ‘উন্নয়ন বনাম বহিরাগত’ ইস্যুতে আক্রমণ!

সেখ ওয়ারেশ আলী : গড়বেতা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে প্রদীপ লোধার নাম ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে তৈরি হয়েছে উচ্ছ্বাসের পরিবেশ। প্রার্থী ঘোষণা হতেই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে গড়বেতা বাজারে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি। জনসংযোগে জোর দিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলে নিজের ভিত্তি আরও মজবুত করার কৌশল নিচ্ছেন এই বিজেপি প্রার্থী।প্রচারের শুরুতেই প্রদীপ লোধা স্পষ্ট করে দিয়েছেন, আসন্ন নির্বাচনে তাঁর মূল লক্ষ্য গড়বেতাকে সন্ত্রাস ও হিংসামুক্ত করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া।

তাঁর কথায়, “আমাদের প্রধান লক্ষ্য উন্নয়নের গড়বেতা গড়ে তোলা।” একই সঙ্গে তিনি আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন, এই কেন্দ্রে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ভারতীয় জনতা পার্টি।শুধু উন্নয়নের প্রতিশ্রুতিই নয়, জয়ী হলে গড়বেতাকে একটি ‘ক্লিন’ ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন প্রদীপ লোধা।অন্যদিকে, নির্বাচনী ময়দানে নামার পরই প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তরা সিংহ হাজরাকে ‘বহিরাগত’ ইস্যুতে কটাক্ষ করেছেন তিনি।

প্রদীপ লোধার দাবি, গড়বেতার মানুষ এমন একজন প্রতিনিধিকেই চান, যিনি এলাকার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং স্থানীয় সমস্যা সম্পর্কে অবগত। সেই যুক্তিতেই নিজেকে ‘মাটির মানুষ’ হিসেবে তুলে ধরে ভোটারদের সমর্থন চাইছেন তিনি।রাজনৈতিক মহলের মতে, ‘বহিরাগত বনাম স্থানীয়’ ইস্যুকে সামনে রেখে প্রদীপ লোধা কার্যত নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলতে চাইছেন। এখন দেখার, এই কৌশল গড়বেতার ভোটারদের কতটা প্রভাবিত করতে পারে।

Latest