অভিজিৎ সাহা : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২ নম্বর কড়সা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল কর্মী সম্মেলন ও ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি। রাজ্যের জনমুখী অন্তর্বর্তী বাজেটকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব এবং দলীয় কর্মী-সমর্থকরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো রাজ্য সরকারের বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সাধারণ মানুষের কল্যাণ, সামাজিক সুরক্ষা ও গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই এই বাজেট তৈরি হয়েছে। নারী কল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন। কর্মীদের মানুষের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি তাঁর বক্তব্যে বলেন, রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্প ইতিমধ্যেই সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। বাজেটের ঘোষণাগুলি মানুষের কাছে পৌঁছে দিতে কর্মীদের সক্রিয় ভূমিকা নেওয়ার ওপর জোর দেন তিনি। জেলা পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, রাজ্যের বাজেটে রাস্তা ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে তাঁর দাবি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, তৃণমূল নেতা রাজীব ঘোষ, চিন্ময় সাহা, সিরাজুল পাঠান সহ আরও বহু নেতৃত্ববৃন্দ। তাঁদের বক্তব্যেও সংগঠনকে মজবুত করা এবং রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।এদিনের অনুষ্ঠানের অন্যতম দিক ছিল বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের উপস্থিতি। হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মগুরুরা মঞ্চে আমন্ত্রিত ছিলেন। আয়োজকদের মতে, শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। সভায় রাজ্যের জনমুখী বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।