পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই ফের উত্তপ্ত কেশপুর। ইনডোর বৈঠক সেরে বেরোনোর পর বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় আহত অন্তত আটজন বিজেপি কর্মীকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে কেশপুর ব্লকের ৭ নম্বর অঞ্চলের রামাকাটা এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি আভ্যন্তরীণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষ করে বিজেপি কর্মীরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, ঠিক সেই সময় বাস ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

হামলায় একাধিক বিজেপি কর্মী শরীরের বিভিন্ন জায়গায় চোট পান। পাশাপাশি বেশ কয়েকটি মোটরবাইক ভাঙচুর করা হয়েছে বলেও দাবি বিজেপির।আহতদের দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।