নিজস্ব সংবাদদাতা : খড়্গপুর টাউন থানার সামনে তীব্র বিতর্কের জন্ম দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে থানার আইসি-র বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি, যা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে।সকালে প্রাতভ্রমণ সেরে খড়্গপুরের গেট বাজারে একটি চা-চক্রে অংশ নেন দিলীপ ঘোষ। সেখানেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের মাঝে বক্তব্য রাখতে গিয়ে পুলিশের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানান তিনি। দিলীপ ঘোষ অভিযোগ করেন, এলাকার আইসি নাকি বিজেপি কর্মীদের তুলে নিয়ে গিয়ে থানায় চাপ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করার জন্য। তাঁর দাবি, কর্মীদের ভয় দেখিয়ে বলা হচ্ছে—নির্দেশ না মানলে চার তারিখের পর গুলি করে দেওয়া হবে।এই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ে তিনি কড়া ভাষায় আইসি-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তাঁর বক্তব্যে স্পষ্ট, প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি চরম অসন্তোষ প্রকাশ করছেন।এই ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খড়্গপুরে দিলীপ ঘোষের বিস্ফোরক হুঁশিয়ারি! আইসি-কে নিশানা করে তীব্র আক্রমণ, চড়ল রাজনৈতিক পারদ!