নিজস্ব সংবাদদাতা : মাদক পাচারের বিরুদ্ধে জোরদার অভিযানে বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর রেল স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ১৩ কেজি গাঁজাসহ বিহারের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় রেল চত্বরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।মঙ্গলবার,২৪ মার্চ দুপুরে খড়গপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই যুবক। জিআরপি কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার ব্যাগ ও সুটকেসে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় ১২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।ধৃতের নাম আশিস কুমার (১৯)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওড়িশা থেকে ট্রেনে উঠে ঝাড়খণ্ডের টাটানগরে এই বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা করছিল সে।এই অভিযানের নেতৃত্বে ছিলেন মিতুন কুমার দে, যিনি দ্রুত সিদ্ধান্ত ও কৌশলী পদক্ষেপের মাধ্যমে পুরো অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন। তাঁর নেতৃত্বে জিআরপি-র এই সাফল্য মাদক বিরোধী লড়াইয়ে আরও এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে।রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৪ মার্চ মঙ্গলবারই ধৃতকে আদালতে তোলা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের এই ধারাবাহিক অভিযান যে আরও জোরদার হবে, তা স্পষ্ট। প্রশাসনের এই কঠোর পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যেও স্বস্তির বার্তা পৌঁছেছে।