অরিন্দম চক্রবর্তী: গতকাল, ২৭ মার্চ শুক্রবার, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খড়গপুরে পালিত হল রামনবমীর উৎসব। সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে স্থানীয় হনুমান মন্দির ও রাম মন্দিরগুলিতে। পুজো দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা ভক্তিভরে প্রার্থনা জানান।দিন বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তে নানা জনসংগঠনের উদ্যোগে দেখা যায় ঠান্ডা শরবত, লস্যি, লাড্ডু, সেদ্ধ ছোলা ও ভেজা ছোলা বিতরণ।

কোথাও আবার লুচি-তরকারি, পায়েস ও খিচুড়ির আয়োজন করা হয়। একাধিক বজরংবলির মন্দিরে বিশেষ ভোগ বিতরণের ব্যবস্থাও ছিল, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।সন্ধ্যা নামতেই খড়গপুরজুড়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

বিভিন্ন আখড়া থেকে গেরুয়া পোশাকে সজ্জিত ভক্তরা অংশ নেন এই শোভাযাত্রায়।
সুসজ্জিত রথে প্রতীকী রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের মূর্তি নিয়ে শহর পরিক্রমা করা হয়।

কোথাও আবার শোভাযাত্রার অগ্রভাগে উট ও ঘোড়াকে গেরুয়া সাজে সাজিয়ে নিয়ে যাওয়া হয়, যা বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।এদিনের উৎসবে রাজনৈতিক মঞ্চের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

বিজেপি ও তৃণমূল-সহ বিভিন্ন দলের বিধানসভা প্রার্থীরা শোভাযাত্রায় অংশ নেন এবং মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের চেষ্টা করেন।

গেরুয়া আবহে তাঁদের উপস্থিতি ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যেও দেখা যায় উচ্ছ্বাস।সবমিলিয়ে, ভক্তি, ঐতিহ্য ও উৎসবের মেলবন্ধনে খড়গপুরে রামনবমী হয়ে উঠল এক স্মরণীয় আয়োজন।