অরিন্দম চক্রবর্তী : বাংলার মেধা, সংস্কৃতি ও ঐতিহ্যের শহর খড়গপুর-এ ইতিহাস গড়ার কাউন্টডাউন শুরু। আগামী ২০ থেকে ২২ মার্চ ২০২৬—এই তিন দিন শহরের ট্রাফিক মাঠে বসতে চলেছে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসব নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আয়োজন করছে রাধারানী ফিল্মস। সংস্কৃতি ও সৃজনশীলতার এই মহোৎসব ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়েছে শহরজুড়ে।আয়োজকদের দাবি, এটি কেবল একটি ফিল্ম ফেস্টিভ্যাল নয়—নতুন প্রজন্মের নির্মাতাদের জন্য আন্তর্জাতিক দরজা খুলে দেওয়ার এক বড় মঞ্চ। শর্ট ফিল্ম, মাইক্রো ফিল্ম, ডকুমেন্টারি এবং মিউজিক অ্যালবাম—সৃজনশীলতার প্রতিটি ধারা থেকেই থাকবে প্রতিযোগিতা।

মোট ৫০টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। সেরা নির্মাতাদের হাতে তুলে দেওয়া হবে ট্রফি, শংসাপত্র এবং আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কার।পশ্চিম মেদিনীপুরের মিনি ইন্ডিয়া নামে পরিচিত খড়গপুরে এই উৎসবের মূল লক্ষ্য সংস্কৃতির বিকাশ এবং তরুণ প্রতিভাদের আন্তর্জাতিক পরিচিতি এনে দেওয়া। ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি তিন দিনব্যাপী মেলায় থাকছে মহিলাদের হস্তশিল্প, বিভিন্ন ধরনের দোকান, শিশুদের জন্য বিনোদনমূলক স্টল এবং প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান—সব মিলিয়ে এক বর্ণময় আয়োজন।১৭ ফেব্রুয়ারি ২০২৬, ইন্দা অতিথি লজে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৌমেন নাথ দালাল, রোহিত গুহ, সুতনু ঘোষ, দীপ্ত দীপ দত্ত, দেবাশীষ গিরি, অর্ণব দাস, নর্মদা পট্টনায়ক ঘোষ এবং সুস্মিতা গুহ।চলচ্চিত্র, সংস্কৃতি ও বিনোদনের এই মহাউৎসব ঘিরে এখন খড়গপুরে একটাই প্রশ্ন—তিন দিনের এই আন্তর্জাতিক আসর কি নতুন ইতিহাস লিখতে চলেছে? সময়ই দেবে তার উত্তর।