নিজস্ব সংবাদদাতা:পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মালপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হল একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি-র উদ্যোগে, সবং সাধারণ জ্ঞান অন্বেষণ অভীক্ষা অ্যান্ড কালচারাল সোসাইটি-র পরিচালনায় এবং ইন্ডিয়া ফার্মেসি-র বিশেষ সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করেন ডা. সম্পূর্ণা রায় (এমডি, ন্যাশনাল মেডিকেল কলেজ), ডা. অনুরণ দাস (এমডি, এমবিবিএস, জেনারেল মেডিসিন, আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল) এবং ডা. ঋষভ মান্না (বিডিএস, কলকাতা)।

এছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডিয়া ফার্মেসির কর্ণধার ও সমাজসেবী পিয়ালী মোদক, সমাজসেবী ও ফার্মাসিস্ট অন্তু মোদক, অতিরিক্ত ফার্মাসিস্ট সুমন্ত সেন, সৌভিক সাউ প্রমুখ। হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি দিলীপ মান্না, সহ-সভাপতি রাজশ্রী মণ্ডল, সম্পাদিকা সুদীপ্তা দে চক্রবর্তী, কোষাধ্যক্ষ ষোড়শী সিংহ সহ অন্যান্য সদস্যরা।

অন্যদিকে বি.পি. পোদ্দার হাসপাতাল-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ সুভাষ মানা এবং কার্ডিওলজিস্ট ডা. ইন্দ্রজিৎ মাইতি।এই স্বাস্থ্য শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বি.পি. পোদ্দার হাসপাতাল, কলকাতা।

শিবিরে বিনামূল্যে হার্টের পরীক্ষা ও ইসিজি করা হয়। মোট প্রায় ৬০ জনের ইসিজি ও হার্ট চেকআপ করা হয় এবং প্রায় ৫০ জনের রক্ত পরীক্ষা সম্পন্ন হয়। পাশাপাশি শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।গ্রামাঞ্চলে এই ধরনের স্বাস্থ্য শিবির আয়োজিত হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। ইন্ডিয়া ফার্মেসির কর্ণধার পিয়ালী মোদক ও সমাজসেবী অন্তু মোদক জানান, এর আগেও মেদিনীপুর শহরে হার্ট চেকআপ ক্যাম্প আয়োজন করা হয়েছিল। এবার সেই উদ্যোগকে গ্রামাঞ্চলেও পৌঁছে দিতে পেরে তাঁরা আনন্দিত।